ট্যুরটার নাম ‘ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর’। বিদেশিদের কাছে বেশ আকর্ষণীয়। ভারতের কেরালায় ট্যুরিস্টরা এরকম একটা ট্যুর করেন। তবে বাংলাদেশে প্রথম বারের মতো এই ধারণা নিয়ে বরিশালে চালু হয়েছে ‘বরিশাল ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর’। ট্রিপ টু বাংলাদেশ দেশে প্রথম এই ট্যুরিস্ট সেবা নিয়ে এসেছে।
ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুরে বিদেশিদের বেশ আকর্ষণ জানিয়ে ট্রিপ টু বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান খান বাংলানিউজকে বলেন, বরিশালের একটি গ্রামে খালের মধ্যে নৌকায় বেড়ানোর স্বাদ দিতে ও নৌকায় ঘুরে ঘুরে গ্রামীণ চিত্র এবং রাতে গ্রামের কুঁড়েঘরে থাকার জন্য এই ট্যুর, যার নাম দিয়েছেন তিনি ‘বরিশাল ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর’ ।
প্রতি বছর প্রায় এক হাজার বাংলাদেশি এই ‘ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর উপভোগ করেন। আর মাসে প্রায় ৮টি বিদেশি পর্যটক ট্যুর হয়। এ ট্যুরের বর্ণনা দিয়ে মাহমুদ বলেন, বিদেশিদের তিনি গ্রামের একটি বাড়িতে নিয়ে রাখেন দুই দিন। এসব বিদেশি সেখানকার কৃষকের বাড়িতে থাকেন। গ্রামীণ জীবন উপভোগ করেন। নৌকায় সেখানকার জীবন চিত্র দেখেন। পৃথিবীর একটা ফটোজেনিক জায়গা বরিশালের গ্রামের ‘ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর’-এমন মন্তব্য করেছেন ঘুরে আসা অনেক বিদেশি।
মাহমুদ জানান, ভারতে এই ট্যুরে পর্যটকদের কাছ থেকে প্রতিদিনে ৩০০ ডলার নেয়া হয়, আর বরিশালে ২ দিন থাকা, ঘুরে দেখা, ঢাকা থেকে যাওয়া-আসা মিলিয়ে নেয়া হচেছ ৩০০ ডলার, আর দুজন হলে ৩৪০ ডলার। ‘বরিশাল ব্যাকওয়াটার অ্যান্ড ভিলেজ ট্যুর’ ভারতের কেরালার ওই ট্যুরের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বলে জানান তিনি।
এই সংবাদ সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশনার তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

